তাঁদের চোখে সেরা

বাংলাদেশের সেরা দুই ফুটবল বিশ্লেষক শুরু থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন বিশ্বকাপের ম্যাচগুলো। প্রথম আলোর পাঠকদের জন্য করছেন বিশ্লেষণ। গোলাম সারোয়ার টিপু এবার বেছে নিয়েছেন এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা দল, সেরা গোল, সেরা খেলোয়াড়, ফ্লপ, অঘটন। করেছেন দুটি সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী। মিলিয়ে দেখুন আপনার বিশ্লেষণের সঙ্গে
দল
জার্মানিকেই সবার চেয়ে এগিয়ে রাখব। এই দলটি মাঠে নামে সুন্দর কিছু করার জন্য নয়। তাদের লক্ষ্যই থাকে প্রতিপক্ষের জালে বল জড়ানো। সবাই মিলে কাজটা করে তবেই ক্ষান্তি। দলে মহাতারকা নেই। সবাই সমান। আগে রক্ষণ থেকে লম্বা বল বেশি খেলত, এখন নিচ থেকে উঠে আসে। খালি জমিন তৈরি করে জার্মানি ঝাঁপায় গোলের জন্য। সত্যিই অনবদ্য এক দল।

গোল
হামেস রদ্রিগেজ বুক দিয়ে বলটা নামালেন। তারপর শূন্য থেকেই দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ। চোখে মায়াঞ্জন বুলিয়ে দিয়েছে। উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়ান তারকার ওই গোল মনে রাখব অনেক দিন। শটটা যখন নিচ্ছিলেন, পোস্টটা তাঁর দৃষ্টিসীমায় ছিল না। ওই অবস্থায় এমন দুরন্ত ভলি, অবিশ্বাস্য।
খেলোয়াড়

সামগ্রিক বিবেচনায় মেসি। আর্জেন্টিনাকে বলতে গেলে একাই সেমিফাইনালে তুলে এনেছেন। মেসি আছেন বলেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারছে আর্জেন্টিনা। সব মিলিয়ে মেসি যেন এক জীবন্ত স্বপ্নের নাম।
ফ্লপ
খুব নিরাশ করল স্পেন। হল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই উড়ে গেল ৫ গোলে! পরের ম্যাচে চিলির কাছে হার ২ গোলে। চ্যাম্পিয়ন হিসেবে এসে স্পেন যে এমন সুপার ফ্লপ হবে, এটা কল্পনাতীত ছিল।

অঘটন
কোস্টারিকার কাছে ইতালির ১-০ হার। ইতালির মতো দলের বিশ্বকাপ শেষ করে দিয়েছে কোস্টারিকা। তার আগে উরুগুয়েকে ৩-১ গোলে হারায় দলটি। এই কোস্টারিকা ইংল্যান্ডের সঙ্গে ড্র করেছে।
মুহূর্ত
ফন পার্সির গোল। স্পেনের বিপক্ষে ডাচ অধিনায়ক যেভাবে উড়ন্ত হেডে গোল করেছিলেন, মুহূর্তটা ভোলা যাবে না। পেছন থেকে লম্বা বল পেলেন, সেই বলে তাঁর দুর্দান্ত হেড, এত সুন্দর দৃশ্য কমই দেখা যায়।আবিষ্কার
নতুনদের মধ্যে অবশ্যই হামেস রদ্রিগেজের নামটা বলা উচিত। বিশ্বকাপ শুরুর আগে আলোচনায় ছিলেন না। কিন্তু বিশ্বকাপে এসে আলোটা নিজের ওপর টেনে নিয়েছেন।
নতুন
গোললাইন প্রযুক্তি ভালোই লেগেছে। সময়ের চাহিদা পূরণ করল ফিফা। কুলিং ব্রেক দেওয়া হচ্ছে গরমের কারণে। ইউরোপিয়ানদের দাবির মুখে এটা করা হলো।
আপত্তি
পেপের ঢুস। জার্মানির বিপক্ষে লাল কার্ড দেখলেন পর্তুগালের ডিফেন্ডার, ঢুস মারলেন মুলারকে। রিয়ালেও খেলার সময় কতবার যে অকারণ লাল কার্ড খেয়েছেন, হলুদ কার্ডের তো ইয়ত্তা নেই। তবে বিশ্বকাপের মতো মঞ্চে এসে এমনটা করা ঠিক হয়নি।
ভবিষ্যদ্বাণী
সেমির লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে জার্মানি ফেবারিট। নেইমার-থিয়াগো সিলভা না থাকায় এ ম্যাচে ব্রাজিল ৪০, জার্মানি ৬০। অন্য ম্যাচে আর্জেন্টিনা ৫৫, হল্যান্ড ৪৫। ডি মারিয়া খেলতে পারলে আর্জেন্টিনা ৬০ শতাংশ এগিয়ে থাকত।